প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
গোয়াইনঘাটে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও ৩ সহস্রাধিক চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেটের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ সহস্রাধিক চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারিয়ান পিপি, পিএইচএফ ও ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার মো. রহুল আলম খান, আরএফএসএম ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস, পিএইচএফ ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (অর্থ) রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী, সনজিত শর্মা, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক এবং জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল আহমদ।
পরে বেলা ২টায় গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামের কোনাপাড়া পাঞ্জিখানা মসজিদে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেটের উদ্যোগে জনস্বার্থে স্থাপিত সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করায় রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেটের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬